
সিলেটের ওসমানীনগরে পূর্ব বিরোধের জেরে মোঃ সাইফুর মিয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে মোঃ সিজু মিয়া (৩৭) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে উপজেলার সৈয়দপুর পালপাড়া এলাকায় টুলবক্সের পাশে মোঃ লুৎফুর মিয়ার দোকানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পূর্ব বিরোধের জের ধরে সাইফুর মিয়াকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
নিহত সাইফুর মিয়া সৈয়দপুর গ্রামের মোঃ করম উদ্দিনের ছেলে। অপরদিকে অভিযুক্ত মোঃ সিজু মিয়া (৩৭) মোস্তাপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সঙ্গে কথা বলে অবরোধ প্রত্যাহার করায় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার পর থেকে অভিযুক্ত সিজু মিয়া পলাতক রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে।
জুয়েল আহমদ 
















