
শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন।
সোমবার ২ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)-এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই সংবর্ধনা জানানো হয়।
শিক্ষার্থীর এই অসামান্য সাফল্যে সন্তোষ প্রকাশ করে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, দৃষ্টি প্রতিবন্ধকতাকে জয় করে শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমির জিপিএ-৫ অর্জন করা অত্যন্ত আনন্দের। তার এই অসাধারণ সাফল্য শুধু তার পরিবার কিংবা প্রতিষ্ঠানের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য গর্বের। প্রতিকূলতাকে জয় করে অধ্যবসায়, একাগ্রতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্য অর্জন করা সম্ভব, তাহমিনা আক্তার মৌমি তার উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনো মেধা, মনোবল ও স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। মৌমির এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
এ সময় জিডিএফ-এর প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন এবং মেধাবী এই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
স্টাফ রিপোর্টার 














