
হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের প্রায় সাড়ে তিন বছর পর মহব্বত আলী (২৫) নামের এক যুবকের দেহাবশেষ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রামের একটি বাড়ির শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এক দম্পতিসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক ব্যক্তিরা হলেন রামনগর গ্রামের শাহ আলম (৪২), তাঁর স্ত্রী জাহানারা (৩৪) এবং একই গ্রামের জয়নাল মিয়া (২১) ও ইয়াসিন মিয়া (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বত আলী রামনগর গ্রামের রুস্তম আলীর ছেলে। ২০২৩ সালের ৩০ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে ওই বছরের ১৮ আগস্ট তাঁর ভাই রুসমত আলী বাদী হয়ে মাধবপুর থানায় একটি মামলা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান দেহাবশেষ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মহব্বত আলীর নিখোঁজের ঘটনায় করা মামলাটি বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। শুক্রবার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে তাঁর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তবে মহব্বত আলী কীভাবে মারা গেছেন, তাঁর মৃত্যুর সঙ্গে আটক চারজনের কার কী ধরনের সংশ্লিষ্টতা রয়েছে এবং কী কারণে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে-এসব বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি 








