
সিলেটের জালালাবাদে বেসরকারি সংস্থা ‘আশা’র এক কর্মীদের গতিরোধ করে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী সাব্বির খানকে (৩৪) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। গ্রেফতারকৃত সাব্বির হত্যা চেষ্টা, ডাকাতি, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৬টি মামলার এজাহারভুক্ত আসামি।
রবিবার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশিদ চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির খান জালালাবাদ থানার কুমারগাঁও এলাকার খলিল খানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ২২ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে ‘আশা’র টুকেরবাজার-০১ শাখার মাঠকর্মী সামছুল হক নাজিরের গাঁও এলাকা থেকে কিস্তির টাকা আদায় করে মোটরসাইকেলযোগে অফিসে ফিরছিলেন। পথিমধ্যে সিলেট-বাদাঘাট সড়কের কুমারগাঁও এলাকায় শাহ খুররম ডিগ্রি কলেজের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা চারজন মুখোশধারী তার গতিরোধ করে।
এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে আদায়কৃত ৮৬ হাজার ৫৫০ টাকা, সঞ্চয় ও ঋণের রেজিস্টার, গ্রাহকদের পাসবই ও মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ‘আশা’র শাখা ব্যবস্থাপক অমিতাভ দাস চৌধুরী বাদী হয়ে এসএমপির জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৫, তারিখ-২৩/০৯/২০২৬)। মামলাটির পর এসআরবি-৯ ছায়াতদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িত সাব্বির খানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসআরবি-৯ জানায়, গ্রেফতারকৃত সাব্বিরের বিরুদ্ধে সিলেট নগরী ও জেলার বিভিন্ন থানায় নাশকতা, চুরি, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি ও হত্যা চেষ্টাসহ অন্তত ১৬টি মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
স্টাফ রিপোর্টার 













