
সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে (২৪) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র আসামি জাহিদুল ইসলামকে (২২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার ২ নভেম্বর আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে নরসিংদী জেলার মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৯ (সিলেট) এবং এসআরবি-১১ (নরসিংদী)-এর যৌথ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সিলেট জেলার গোলাপগঞ্জ থানার কালিকৃষ্ণপুর গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, প্রায় এক বছর আগে ভিকটিমের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় আসামি জাহিদুল ইসলামের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তৎকালীন সময়ে ভিকটিম তাঁর স্বামীর সংসারে থাকলেও জাহিদুল তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে স্বামী বিচ্ছেদে প্ররোচিত করেন। জাহিদুলের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে প্রায় ৬ মাস আগে ভিকটিম তাঁর স্বামীকে তালাক দেন তিনি অভিযোগ করেন।
পরবর্তীতে জাহিদুল বিয়ে করার আশ্বাস দিয়ে ভিকটিমকে সিলেট শহরসহ বিভিন্ন এলাকায় নিয়ে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করেন। এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখে ভিকটিমকে সাথে নিয়ে তাঁর মামার বাড়িতে রাত্রিযাপন করেন এবং সেখানেও জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে ভিকটিম বিয়ের জন্য চাপ দিলে জাহিদুল প্রবাসে চলে যাওয়ার অজুহাত দেখান এবং একপর্যায়ে বিয়ে করতে সরাসরি অস্বীকৃতি জানান।
এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা (মামলা নং-১৭, তারিখ: ১৫/১০/২০২৬) দায়ের করেন। মামলা দায়েরের পর এসআরবি-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে নরসিংদী থেকে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সিলেটের গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁদের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 












