
হবিগঞ্জের নবীগঞ্জে মাত্র ২০ হাজার টাকা পাওনাকে কেন্দ্র করে নিজ বোনকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ভাই শাহীন মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র্যাব-৯। সিলেটের শাহপরান থানা এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গত রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে সিলেট নগরীর শাহপরান থানাধীন পূর্ব সাদাটিকর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শাহীন মিয়া হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মাধবপুর গ্রামের আফজাল মিয়ার ছেলে। নিহত বোন শাবানা বেগম (২৪) একই গ্রামের বাসিন্দা ছিলেন। শাবানার স্বামী মোঃ আলাউদ্দিন বর্তমানে কুমিল্লা এলাকায় রাজমিস্ত্রীর কাজ করেন।
মামলা ও র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম শাবানা বেগম তার ভাই শাহীন মিয়ার নিকট ২০ হাজার টাকা পাওনা ছিলেন। দীর্ঘদিন ধরে এই পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে ভাই-বোনের মধ্যে তীব্র বিরোধ ও বাকবিতণ্ডা চলে আসছিল।
এই সংঘাতের জেরে গত ২৯ আগস্ট ২০২৬ তারিখের বিকাল আনুমানিক সাড়ে ৫ টার দিকে নবীগঞ্জ থানাধীন দীঘলবাক ইউনিয়নের মাধবপুর গ্রামে সিজু চৌধুরীর বাড়ির পেছনের পুকুরপাড়ে ভাই শাহীন মিয়া বোন শাবানার পেটে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শাবানা।
ঘটনার পরপরই স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত ভিকটিমের স্বামী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং-০২, তারিখ-০১/০৯/২০২৬ খ্রি., ধারা: ৩০২/৩৪ পেনাল কোড) দায়ের করেন। ঘটনাটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর পরপরই আসামি গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোপন গোয়েন্দা নজরদারি বাড়ায়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯, সিপিএসসি এবং সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ)-এর একটি যৌথ অভিযানিক দল গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১১.৪০ মিনিটের সময় সিলেটের শাহপরান এলাকার পূর্ব সাদাটিকরস্থ এক ব্যক্তির গরুর ফার্মের ভেতর অভিযান চালায়। সেখান থেকে মামলার এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি শাহীন মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ নিশ্চিত করেছেন যে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার 

















