
সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়া চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নের পুরান বালুচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত যুবকের নাম রোমান আহমদ (২০)। তিনি কোম্পানীগঞ্জ থানার কালাইরাগ গ্রামের ফজলু মিয়ার ছেলে এবং বর্তমানে পুরান বালুচর (শান্তির বাজারের পূর্ব পাশে) বসবাস করছিলেন।
র্যাব জানায়, ১২ সেপ্টেম্বর রাতে গোপন সূত্রের মাধ্যমে জানা যায় যে, কোম্পানীগঞ্জ থানাধীন পুরান বালুচর এলাকার একটি বসতবাড়িতে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল আনুমানিক রাত ১০.৫৫ মিনিটে সেখানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টাকালে রোমান আহমদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রোমান জানায়, সে অনলাইনে কমিশন পাওয়ার উদ্দেশ্যে স্থানীয় পর্যায় থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনা করে আসছিল। সে স্থানীয় যুব সমাজকে Kx8.com, 1XBET এবং Bee999 অ্যাপস ব্যবহার করে জুয়া খেলতে উৎসাহিত করত এবং তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করে মূল এজেন্টের নিকট পাঠাত।
আটকের সময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। জব্দকৃত ফোনের হোয়াটসঅ্যাপ ও গ্যালারি পর্যালোচনায় জুয়া খেলার টোকেন আদান-প্রদান, ডিজিটাল অর্থ লেনদেন এবং বিভিন্ন টোকেনের ছবির প্রমাণাদি পাওয়া গেছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাকে আলামতসহ এসএমপি সিলেটের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার 


















