
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা বিওপির একটি অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিন সাংবাদিক আহত হয়েছেন। আহতরা হলেন- একুশে টেলিভিশনের সাংবাদিক বিকুল চক্রবর্তী, আরটিভির সাংবাদিক ভাস্কর হোম চৌধুরী ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক ইমন দেব চৌধুরী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ফুলতলা বিওপির একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে কুলাউড়ায় পৌঁছানোর আগে ঢুলিপাড়া এলাকায় তাঁদের বহনকারী প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিন সাংবাদিকই কমবেশি আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. জহিরুল ইসলাম মুন্না পুলিশের একটি দল পাঠান। পরে পুলিশ আহত সাংবাদিকদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁরা প্রাথমিক চিকিৎসা নেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বর্তমানে তাঁরা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনার পর আরটিভির স্টাফ রিপোর্টার ভাস্কর হোম চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লেখেন, ‘মৃত্যুকে খুব কাছ থেকে দেখে ফিরে এলাম।’
পোস্টে তিনি জানান, দুর্ঘটনার মুহূর্তে তাঁরা সবাই কমবেশি আহত হলেও মহান সৃষ্টিকর্তার কৃপায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন। জীবন ও মৃত্যুর ব্যবধান কতটা ক্ষণিকের, দুর্ঘটনাটি তাঁকে নতুন করে তা উপলব্ধি করার সুযোগ দিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া দুর্ঘটনার পর সহকর্মী, স্বজন এবং দেশ-বিদেশের বন্ধুদের ফোন ও বার্তার মাধ্যমে খোঁজ নেওয়ায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সাংবাদিক।
কুলাউড়া প্রতিনিধি 
















