
ঢাকা সিলেট মহাসড়কে সরাইল উপজেলার শাহবাজপুর ব্রীজের কাছে চেকপোস্ট বসিয়ে ৮৫ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি নীল-হলুদ রঙের কার্গো ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সদর কোম্পানী (সিলেট), সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) এবং সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া)-এর একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে একটি কার্গো ট্রাকে করে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল পৌনে ৮টার দিকে শাহবাজপুর ব্রিজের পূর্ব পাশে রাজাবাড়ীয়াকান্দি পাকা রাস্তার ওপর বিশেষ চেকপোস্ট বসায় র্যাব।

চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহভাজন একটি নীল-হলুদ রঙের কার্গো ট্রাককে থামার সিগন্যাল দিলে তিন ব্যক্তি ট্রাক থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।
আটককৃতরা হল, ট্রাক চালক ইব্রাহিম মোল্লা (৪২) সে রাজশাহীর তানোর থানার, শ্রীখণ্ডা গ্রামের ইউনুস মোল্লার ছেলে ও মোঃ মোরশালিন প্রকাশ রঞ্জু (১৯) রাজশাহীর জেলার, দামকুড়া থানার নতুন কসবা গ্রামের মোঃ আজিজুল হকের ছেলে এবং মোঃ শাকিব মিয়া (২০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জলবাংগা গ্রামের মোঃ খোরশেদ মিয়ার ছেলে।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তারা তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করলে, ট্রাকের বডির ওপর থেকে ৬টি বস্তায় রাখা ১৭টি বান্ডিলে মোড়ানো মোট ৮৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আলামতসহ তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 

















