
সিলেটের শাহপরাণ এলাকায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে নকল সিগারেট মজুত ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রোববার ০২ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত শাহপরাণ (রঃ) থানাধীন খাদিমনগর এলাকার শাহপরাণ গেট সংলগ্ন ‘বালাজি স্টোর’ নামক একটি মুদির দোকানে এ অভিযান চালানো হয়।

র্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ (সিপিএসসি, সিলেট) এবং জেলা প্রশাসন, সিলেটের একটি যৌথ আভিযানিক দল ওই দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানটি থেকে সর্বমোট ১ হাজার ২৭৪ প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১ হাজার ৯২০ টাকা।
অভিযানকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী নকল সিগারেট অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে দোকান মালিক বকুল দেবনাথকে (৬৯) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বাস্থ্য রক্ষায় র্যাবের এই ধরণের গোয়েন্দা তৎপরতা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 















