
সিলেটের কানাইঘাটে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর প্রতিপক্ষের নৃশংস হামলায় মারাত্মক আহত আজিজুর রহমানকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এজাহারনামীয় চার নম্বর পলাতক আসামি বিলাল আহমদ (৪০)-কে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
রবিবার ২ আগস্ট রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানাধীন জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯, সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত আজিজুর রহমান ও অভিযুক্তরা একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা। আসামিরা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল। আজিজুর রহমান তাদের এসব অনৈতিক কর্মকাণ্ডে বাধা নিষেধ দিলে তারা তার ওপর ক্ষিপ্ত হয় এবং তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।
পূর্বশত্রুতার জেরে গত ১৭ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ জুমার নামাজ আদায়ের জন্য আজিজুর রহমান স্থানীয় আগফৌদ (নারাইনপুর) জামে মসজিদে যান। দুপুর আনুমানিক ১ টা ৫০ মিনিটে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মাত্রই ওত পেতে থাকা আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনীভাবে দলবদ্ধ হয়ে তার পথরোধ করে হামলা চালায়।
হামলাকারীরা আজিজুর রহমানকে হত্যার উদ্দেশ্যে চায়নিজ কুড়াল দিয়ে পেটের বাম পাশে সজোরে আঘাত করলে তার পেটের নাড়িভুঁড়ি বের হয়ে আসে। তিনি রক্তাক্ত জখম হয়ে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে মৃত ভেবে স্থান ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গাছবাড়ী বাজারের কেয়া ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘ ১৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ৩১ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল আনুমানিক ৭ টা ৫০ মিনিটে আজিজুর রহমান মৃত্যুবরণ করেন।
হত্যার এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৪ (ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/১১৪ ও সংযোজিত ৩০২ পেনাল কোড ১৮৬০)।
ঘটনাটি আলোড়ন সৃষ্টি করলে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামি বিলাল আহমদকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার 














