
হবিগঞ্জে জারি করা ১৪৪ ধারার মধ্যে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল-শায়েস্তাগঞ্জ সড়কের ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ব্যারিকেড দিয়ে গাড়িবহরের পথরোধ করে পুলিশ।
পুলিশের বাধার মুখে গাড়ি থেকে নেমে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের ধাক্কাধাক্কি হয়। এ সময় হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কিতে জড়াতে দেখা যায়।
দলীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউস থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয় এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর। তবে শ্রীমঙ্গলের চা-কন্যা এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং শত শত যানবাহন আটকা পড়ে।
ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.ওয়াহিদুজ্জামান রাজু বলেন,হবিগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এনসিপির গাড়িবহরকে সাময়িকভাবে আটকে রাখা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ।
অন্যদিকে, এনসিপির নেতারা এ ঘটনাকে তাদের পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়ার শামিল বলে অভিযোগ করেন। তবে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আর কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার 


















