
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াহাটি-মনতলা সড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম মাহমুদ হাসান রিপনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই জামাল হোসেন, এএসআই শহিদুল ইসলাম, এএসআই তারিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।
পুলিশ জানায়, নোয়াহাটি-মনতলা সড়কে অভিযান চালিয়ে প্রায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে।
হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম মাহমুদ হাসান রিপন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও পাচার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। এ বিষয়ে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
ফরাস উদ্দিন, মাধবপুর। 


















