
হবিগঞ্জের মাধবপুরে সিমেন্টের পানির ফিল্টারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৯২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
রবিবার রাত ১১টা ৪৫ মিনিটে মাধবপুর পৌরসভাস্থ সড়ক ও জনপথ বিভাগের ডাক বাংলোর সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মাধবপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার সাব-ইন্সপেক্টর (এসআই) প্রদীপ চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম মহাসড়কের ডাক বাংলোর সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি নীল ও হলুদ রঙের মিনি পিকআপ গাড়িকে থামানো হয়। গাড়িটিতে সিমেন্টের পানির ফিল্টার বোঝাই ছিল। পরে পুলিশ তল্লাশি চালিয়ে অত্যন্ত সুকৌশলে পানির ফিল্টারের ভেতরে লুকিয়ে রাখা ১৯২ (একশত বিরানব্বই) কেজি গাঁজা উদ্ধার করে।
অভিযানে মাদক কারবারে প্রত্যক্ষভাবে জড়িত থাকার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হল, রিপন দাস (৩২)। সে বি বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নে সাতবর্গ গ্রামের রায় চরণের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,গ্রেপ্তারকৃত রিপন দাসের বিরুদ্ধে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
মাদক উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য ও পরিবহনে ব্যবহৃত মিনি পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধী রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
হবিগঞ্জ প্রতিনিধি 














