
নবীগঞ্জ পৌরসভার কেলি কানাইপুর হ্যালিপ্যাড মাঠে আসন্ন বাণিজ্য মেলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে একাধিক লিখিত আবেদন করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, গত ১৯ মে ২০২৬ থেকে ওই মাঠে কিছু ব্যক্তি বাণিজ্য মেলার নামে স্টল নির্মাণসহ প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে আসছে। তবে স্থানীয়দের অভিযোগ, এই আয়োজনের আড়ালে জুয়ার আসরসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ পরিচালিত হতে পারে!
স্থানীয় বাসিন্দারা জানান, মেলার নামে পরিচালিত এ ধরনের কার্যক্রমে অতীতেও অনৈতিক কর্মকাণ্ড, অশ্লীল পরিবেশ এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী ঘটনার অভিযোগ রয়েছে। এতে এলাকায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আবেদনকারীরা আরও উল্লেখ করেন, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে স্টল ও প্যান্ডেল ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
বর্তমান সময় পবিত্র জিলহজ মাস হওয়ায় ধর্মীয় সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে মেলা বন্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি 

















