
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৬ নভেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মোঃ সাহেদ আহমদ বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই ঐতিহাসিক দিনেই বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)।
সিপাহি-জনতার সেই স্বতঃস্ফূর্ত বিপ্লব জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এবং তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এক শক্তিশালী সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি পায়। এই দিনটি কেবল একটি বিশেষ রাজনৈতিক পটপরিবর্তন নয়, বরং এটি আমাদের বহুদলীয় গণতন্ত্রের অগ্রযাত্রার সূচনালগ্ন।
আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং সেইসব বীর সিপাহি ও জনতাকে, যারা দেশের স্বাধীনতা রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। বর্তমান সময়ে গণতন্ত্রের ধারাবাহিকতা ধরে রাখতে জিয়া মঞ্চের প্রতিটি নেতাকর্মীকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো ধরনের বিভ্রান্তি বা বিভেদ ভুলে গিয়ে ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।
গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক ফখরুল ইসলাম সুমনের সভাপতিত্বে এবং উপজেলা সদস্য সচিব জামিল আহমদ ও যুগ্ম আহবায়ক ও দপ্তর দায়িত্বপ্রাপ্ত সালমান আহমদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ সিলেট জেলার সদস্য (দপ্তরের দ্বায়িত্ব) জুনেদ আহমদ, সদস্য ইমন আহমেদ সাহান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শামীম আহমদ এবং এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। বিজ্ঞপ্তি
অনলাইন সিলেট নিউজ ডেস্ক। 


















