
রাজ্যব্যাপী বছরজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে চলা কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি-২০২৬ কুমারঘাটের উদ্যোগে কো-অপারেটিভ গেস্ট হাউসের কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার ও ত্রিপুরা সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের রাজ্য সম্পাদক বিভু ভট্টাচার্য, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম শাহ, অধ্যাপক বিপ্রজ্যোতি ভট্টাচার্য এবং সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটির কুমারঘাট শাখার সভাপতি স্বপনকুমার বৈষ্ণব।
শুরুতে অতিথিদের স্মারক ও উত্তরীয় দিয়ে বরণ করেন রতন চক্রবর্তী, গোবিন্দ ধর ও চুমকী চক্রবর্তী। পরে ইমনকল্যাণের শিল্পীদের পরিবেশনায় উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্ব শুরু হয়। কুমারঘাট আইডল স্কুলের ১০০ জন শিশুশিল্পী একযোগে কবি সুকান্তের কবিতা আবৃত্তি করে। পরিবেশনা শেষে শিশুদের হাতে মেডেল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন কমিটি, কুমারঘাটের আহ্বায়ক গোবিন্দ ধর। এ সময় সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতার বিচারকদের মঞ্চে সম্মাননা জানানো হয়। বক্তব্য দেন প্রধান অতিথি বিভু ভট্টাচার্য এবং বিশেষ অতিথি অধ্যাপক সেলিম শাহ ও অধ্যাপক বিপ্রজ্যোতি ভট্টাচার্য।
দিনব্যাপী আয়োজনের বিভিন্ন পর্ব সাজানো হয় সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায়। কবি সুকান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজ্যের ৩৫ জন কবি স্বকণ্ঠে তাঁর কবিতা আবৃত্তি করেন। প্রত্যেক কবিকে কবিতা পাঠ শেষে স্মারক সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত, আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি সকল প্রতিযোগীকে মেডেল প্রদান করা হয়। সবশেষে ইমনকল্যাণের সমাপনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সভাপতি স্বপনকুমার বৈষ্ণব অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনলাইন সিলেট আন্তর্জাতিক ডেস্ক 


















