
সিলেটের শাহপরাণ (রহঃ) থানার হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্টভুক্ত এবং হত্যা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ ৯টি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রাসেল মিয়াকে (২৬) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
গত ৫ নভেম্বর আনুমানিক রাত ৭টা ৫০ মিনিটের দিকে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ‘দি কস্তুরি রেস্টুরেন্ট’-এর সামনে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামি রাসেল মিয়া (ওরপে) পল্টি রাসেল, তিনি সিলেটের শাহপরাণ (র.) থানাধীন ঠাকুরপাড়া এলাকার মৃত আকমল মিয়ার ছেলে।
বিজ্ঞাপ্তিতে জানানো হয়, এসআরবি-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএমপি সিলেটের শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৫ (তারিখ: ০২/০৪/২০২৪ খ্রি., ধারা- ৩২৩/৩২৪/৩০৭/৫০৬, জি/আর নং- ৮৫/২৪) মূলে ওয়ারেন্টভুক্ত এই পলাতক আসামিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা, মাদক ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ মোট ০৯টি মামলা রয়েছে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে এসএমপি সিলেটের শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর এমন গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার 


















