
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম বলেছেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ মহানগরী গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। যেকোনো সমস্যা কিংবা আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতিতে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানিয়ে তিনি নগরবাসীকে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার অনুরোধ জানান।
আজ শুক্রবার ৬ নভেম্বর নগরীর শিবগঞ্জ আকবরী জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্ম ও অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দিয়ে পুলিশ কমিশনার বলেন, সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের যথাযথ পারিবারিক শিক্ষা দিতে হবে। পাশাপাশি সন্তানদের চলাফেরা ও তাদের গতিবিধির ওপর অভিভাবকদের সার্বক্ষণিক নজর রাখার আহ্বান জানান তিনি।
নামাজপূর্ব ওই বক্তব্যে কমিশনার সিলেট মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, নগরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই সিলেটকে একটি সম্পূর্ণ অপরাধমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
স্টাফ রিপোর্টার 


















