
সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে যান। পরিদর্শনের একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া জানান, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী মহোদয় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় বড় ধরনের কোনো শারীরিক জটিলতা পাওয়া যায়নি। তবে তাঁকে পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সম্পূর্ণ আশঙ্কামুক্ত আছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন
স্টাফ রিপোর্টার 

















