
সিলেটের গোয়াইনঘাটে একটি যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৪২ লক্ষ টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় জিরা এবং দুটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এবং ৪৮ বিজিবি।
গতকাল সোমবার ১৮ মে দিবাগত রাত আনুমানিক ৪টার সময় সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন আহারকান্দি এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং ৪৮ বিজিবি, সিলেট-এর একটি যৌথ আভিযানিক দল আহারকান্দি এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে চোরাকারবারিরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৩,৫৪০ কেজি (প্রায় ৮৮ মন) ভারতীয় জিরা এবং চোরাচালানে ব্যবহৃত ২টি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়। জব্দকৃত এই জিরার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪২ লক্ষ টাকা।
অভিযানকালে উদ্ধারকৃত জিরা ও ট্রাকের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে এই চোরাচালানের সাথে জড়িতদের শনাক্ত করতে র্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসমূহ সিলেটের কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার কাস্টমস অফিসে জব্দ তালিকা মূলে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এছাড়া অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চোরাচালান রোধে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 


















