
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। সোমবার (২ নভেম্বর) বিকেল ৫টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বসতবাড়ি থেকে তাদের আটক করা হয়।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে, শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকার একটি বাড়িতে কয়েকজন ব্যক্তি বৈধ পাসপোর্ট ও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ছাড়াই অবৈধভাবে ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছেন।
এ তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৯-এর আভিযানিক দল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোট ৮ জনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে মো. হারিস আলী ও মো. আবুল আলী বাকি ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারে সহযোগিতা করছিলেন। পরে আটক ব্যক্তিদের কাছে বৈধ পাসপোর্ট, ভিসা কিংবা ভারতে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি।
আটক ব্যক্তিরা হলেন—কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিস আলী (৩৫) ও মো. আবুল আলী (৪৫)। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রামের আমিনুল শরীফ (৪২) ও মো. মফিজুর শিকদার (৪৩), ধীরাই গ্রামের কামরুল মোল্যা (৪৬), ফুলবাড়িয়া গ্রামের ইয়ামিন মোল্যা (৪৫) ও সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মালিভাতা গ্রামের মো. জিহাদ সরদার (৪০)।
অভিযান শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার : 

















