
বানিয়াচং সদরের তরুণ ও ক্রীড়ামোদিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে যাত্রা শুরু করলো ‘বানিয়াচং ইনডোর প্লে-গ্রাউন্ড’।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫ টায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বানিয়াচং থানা সংলগ্ন, নবীগঞ্জ রোডের চৌধুরীবাড়ি, নন্দীপাড়ায় অবস্থিত এই আধুনিক ইনডোর প্লে-গ্রাউন্ডের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ লুৎফুর রহমান,২নং উত্তর-পশ্চিম বানিয়াচং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তখলিছ মিয়া, ১নং উত্তর-পূর্ব বানিয়াচং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সুয়েম। এছাড়াও এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বানিয়াচং সদরে এরকম একটি ইনডোর প্লে-গ্রাউন্ডের খুবই প্রয়োজন ছিল। এর ফলে স্থানীয় তরুণরা মাদকের মতো ক্ষতিকর অভ্যাস ও ভার্চুয়াল জগতের আসক্তি থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করতে পারবে। এটি তাদের দেহ ও মন সুস্থ রাখতে অনন্য ভূমিকা পালন করবে। বক্তারা এই চমৎকার ও সময়োপযোগী উদ্যোগের জন্য উদ্যোক্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্লে-গ্রাউন্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের পর এক জমজমাট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে মাঠে নামেন স্থানীয় তারকা খ্যাত খেলোয়াড় আলী, উজ্জ্বল, মহসিন সহ অন্যান্যরা। তারকা খেলোয়াড়দের নৈপুণ্য ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপস্থিত দর্শকদের দারুণভাবে মোহিত করে। সব শেষে অত্যন্ত আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, থানা সংলগ্ন নবীগঞ্জ রোডের এই ইনডোর প্লে-গ্রাউন্ডটি বানিয়াচংয়ের ক্রীড়া চর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এবং এখান থেকে আগামী দিনে মানসম্মত খেলোয়াড় তৈরি হবে।
মখলিছ মিয়া, বানিয়াচং। 


















