
“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট মহানগরীতে শুরু হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় আজ রবিবার (১৪ জুন) থেকে এই সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ২০ জুন পর্যন্ত চলবে।
আজ দুপুর ১২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি ও বেলুন উড়ানোর মাধ্যমে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীসহ স্কুল-কলেজের শিক্ষার্থী, সুধীজন, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন।

র্যালি শেষে পুলিশ লাইন্স হলরুমে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়-এর সভাপতিত্বে ট্রাফিক সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ট্রাফিক এডুকেশন নেটওয়ার্ক ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতৃবৃন্দ, রোভার স্কাউট, গার্লস গাইডের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ কমিশনার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় যেসব সচেতন নাগরিক ও চালক ট্রাফিক আইন মেনে চলছেন, তাদের ফুল ও মিষ্টিমুখ করিয়ে উৎসাহিত করা হয়।
এবারের ট্রাফিক সপ্তাহকে সাধারণ মানুষের জন্য আরও কার্যকর ও হয়রানিমুক্ত করতে কিছু বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগগুলো হল,
ট্রাফিক সপ্তাহ চলাকালে দায়েরকৃত ট্রাফিক মামলা ও জরিমানার অর্থ পরিশোধের ক্ষেত্রে চালকদের জন্য সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করা হবে।

মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি সাশ্রয়ী মূল্যে হেলমেট সরবরাহের লক্ষ্যে বিভিন্ন হেলমেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে।
যেসব চালকের প্রয়োজনীয় কাগজপত্রে ঘাটতি রয়েছে, তারা যাতে দ্রুত ও সহজে তা সমাধান করতে পারেন, সেজন্য বিআরটিএ (BRTA)-এর সঙ্গে বিশেষ সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিলেট মহানগরীতে সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং একটি নাগরিকবান্ধব ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
আগামী ২০ জুন ২০২৬ পর্যন্ত মহানগরীর বিভিন্ন স্থানে এই সচেতনতামূলক অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে এসএমপি মিডিয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আবদুল হক মামুন। 


















