
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ডুবাইল বাজারে একটি বিকাশ এজেন্টের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে। চুরির শিকার দোকানটির নাম শাওন টেলিকম। দোকানের মালিক লুৎফর রহমান জানান, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা দোকানের পেছনের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। পরে তারা স্টিলের আলমারি ভেঙে সেখানে সংরক্ষিত প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। নামাজ শেষে দোকানে ফিরে এসে তিনি আলমারি ভাঙা অবস্থায় দেখতে পান।
এ সময় দোকানের মেঝেতে রক্তের দাগও লক্ষ্য করেন তিনি। ভুক্তভোগীর ধারণা টিনের বেড়া অথবা আলমারি ভাঙার সময় চোরের শরীরের কোনো অংশ কেটে গিয়ে রক্তপাত হয়েছে। ঘটনাটি পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন স্থানীয়রা।
খবর পেয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও স্থানীয় সাংবাদিকরা। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।
দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেফতার করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মো. সাজিদ পিয়াল গোপালপুর টাংগাইল 

















