
দেশের গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে দ্রুতই ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ করে এয়ারপোর্ট, রেলস্টেশন, বাসস্টেশন এবং দূরপাল্লার বাসে এই সুবিধা নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে সরকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইসিটি খাতের প্রসারে নতুন পরিকল্পনা
মন্ত্রী জানান, সারাদেশে আইসিটি সেক্টরে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে এবং সরকার পর্যায়ক্রমে সব পরিকল্পনা বাস্তবায়ন করছে। টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে পরামর্শ করে টাঙ্গাইলের ১২টি উপজেলায় আইসিটি পার্ক স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী সরকারের উন্নয়ন কার্যক্রম ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি ধরে রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহাবুব হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবীশ) লাবিবুজ্জামান মুস্তাবীন এবং জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ দপ্তরের চলমান কার্যক্রম তুলে ধরেন এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
হ্যাপি আক্তার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি। 


















