
সিলেটের কোম্পানীগঞ্জ থানার একটি মাদক মামলায় ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লোকমান আহমেদকে (৩০) গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের খাগাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লোকমান আহমেদ কোম্পানীগঞ্জ থানার পূর্নাচ্ছ গ্রামের আব্দুন নুরের ছেলে।
র্যাব জানায়, লোকমান আহমেদের বিরুদ্ধে ২০২০ সালের ৫ মার্চ কোম্পানীগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছিল (মামলা নং-০৬)। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৪(খ) ধারায় দায়েরকৃত এই মামলায় (জিআর নং- ১৬৬/১৯, দায়রা- ২৬৯/২০) আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে র্যাবের এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
স্টাফ রিপোর্টার 












