
দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, ব্যবসাপ্রতিষ্ঠান ও উৎপাদন খাতের প্রকৃত চিত্র তুলে ধরতে মৌলভীবাজারে অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল এবং বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ নভেম্বর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আশফাকুর রহমান ভূঁইয়া
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক উপদেষ্টা ফখরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন, জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক জিতেন্দ্র সরকার, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ফণীভূষণ দেব, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল।
এ ছাড়া উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক বকশি ইকবাল আহমদ, প্রেসক্লাবের (একাংশ) সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মশাহিদ আহমদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল, জেলা পরিসংখ্যান কার্যালয়ের সহকারী পরিসংখ্যান কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফাসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা।
সেমিনারে জানানো হয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) বাস্তবায়নাধীন ‘অর্থনৈতিক শুমারি-২০২৩’ প্রকল্পের আওতায় পরিচালিত অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে জাতীয় পর্যায়ে প্রকাশ করা হয়। এ প্রতিবেদনে দেশের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর হালনাগাদ তথ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরা হয়েছে।
প্রকাশিত এসব তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, গবেষক, উন্নয়ন সহযোগীসহ বিভিন্ন অংশীজনের কাছে উপস্থাপন করা হয়েছে। অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং নীতিনির্ধারণে এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সেমিনারে গুরুত্বারোপ করা হয়।
সেমিনারের মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল সম্পর্কে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সংগঠন, গবেষক ও অন্যান্য অংশীজনকে অবহিত করা। পাশাপাশি বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল বিজনেস রেজিস্টার (বিএসবিআর) সম্পর্কে ধারণা দেওয়া এবং দেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তথ্যভান্ডার গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার : 


















