
সিলেটের গোয়াইনঘাট থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আবুল হাসনাত (৫২)। তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
সোমবার ১৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন স্টেডিয়াম মার্কেটের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ১৭ নভেম্বর এসআরবি-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৮ নভেম্বর রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের মহেষখেড় এলাকায় রাতারগুল সংলগ্ন ‘সোহেল স্কয়ার রিসোর্টের’ পেছনের খালি জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রায় ২০০ নেতাকর্মী গোপন বৈঠকে মিলিত হন। অভিযোগ রয়েছে, সেখানে তারা দেশের চলমান পরিস্থিতি অস্থিতিশীল করা এবং উপজেলার রাস্তাঘাট, কেপিআই স্থাপনা ও গুরুত্বপূর্ণ সরকারি অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন।
এ তথ্যের ভিত্তিতে গত ১১ নভেম্বর রাত পৌনে ২টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশ ওই রিসোর্টে অভিযান চালিয়ে ফরহাদ আহমদ ও রাজু ইসলাম নামের দুজনকে আটক করে। এ সময় তাদের দেওয়া তথ্যে রিসোর্টের ভেতর থেকে একটি ব্যানার, ৭টি খালি মদের বোতল, এয়ারগানের গুলিসদৃশ ৪০টি ধাতব বস্তু এবং একটি মিনি স্কুবা ডাইভিং অক্সিজেন ট্যাংক সেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই রাতেই অভিযান চালিয়ে ফারুক আহমদ ও আলী হোসেন নামের আরও দুজনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় গোয়াইনঘাট থানার এসআই নাঈমুল হাসান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-১১) দায়ের করেন। ঘটনার পর থেকে এসআরবি-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার ১৫ নম্বর এজাহারনামীয় আসামি আবুল হাসনাতকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৯ জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার 


















