
সিলেটের গোয়াইনঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল ইসকফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার সোনাটিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল,গোয়াইনঘাট উপজেলার রসুলপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (২৪ ), একই গ্রামের মৃত শাহীন মিয়ার ছেলে মোঃ সাকিব খান (২৬)।
র্যাব-৯ এর একটি আভিযানিক দল জৈন্তাপুর বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে যে, গোয়াইনঘাট থানাধীন সোনাটিলা এলাকায় মাদক কেনাবেচা চলছে। সংবাদের ভিত্তিতে রাত ৭টার দিকে র্যাব সেখানে পৌঁছালে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এসময় র্যাব সদস্যরা ধাওয়া করে দুইজনকে আটক করতে সক্ষম হলেও একজন কৌশলে পালিয়ে যান।

পরবর্তীতে আটককৃতদের তল্লাশি করে তাদের হেফাজতে থাকা একটি সাদা ট্রাভেল ব্যাগের ভেতর থেকে ২৬ বোতল অবৈধ ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে জমা রেখেছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 

















