
টাঙ্গাইল শহরের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে একই প্রতিষ্ঠানের এক নারী শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, সম্প্রতি অধ্যক্ষের সঙ্গে ওই শিক্ষিকার একটি ব্যক্তিগত কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিষয়টি নিয়ে কলেজজুড়ে শুরু হয় তোলপাড়। ফোনালাপের বিষয়বস্তুকে কেন্দ্র করে অধ্যক্ষের চারিত্রিক সততা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।
ঘটনার প্রতিবাদে রোববার (২৯ মার্চ) সকাল থেকেই কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন কলেজের অনেক শিক্ষক-শিক্ষিকাও। বিক্ষোভকারীরা অধ্যক্ষের অবিলম্বে বহিষ্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন,একজন আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে এমন নৈতিক স্খলন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি আমাদের জন্য লজ্জাজনক এবং শিক্ষার পরিবেশের জন্য হুমকিস্বরূপ।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, এমন কলঙ্কজনক ঘটনার পর সাধারণ মানুষের সামনে মুখ দেখানো দায় হয়ে পড়েছে। তারা প্রতিষ্ঠানের সম্মান রক্ষার্থে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।তারা অভিযোগ করেন, প্রিন্সিপাল তিনি শিক্ষকদের সব সময় অসদাচরণ করে থাকেন। তার বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও অভিযোগ তুলেন বিক্ষোভরত শিক্ষকরা। কলেজের সহকারী অধ্যাপক বলেন, ২০১৩ সাল থেকে তিনি এই কলেজে আছেন। তখন এই কলেজের শিক্ষক হিসেবে পরিচয় দিলে গর্ববোধ করতাম আর এখন পরিচয় দিতে লজ্জাবোধ করছি। কারন এটা একমাত্র প্রিন্সিপালের অনৈতিক কার্যকলাপের জন্য।
প্রিন্সিপালের এহেন কর্মকাণ্ডের কারনে বিক্ষোভের কারণে কলেজ ক্যাম্পাসে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।
তবে ফোনালাপ ফাঁস ও অনৈতিক সম্পর্কের অভিযোগের বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শিক্ষক ও শিক্ষার্থীরা যৌথভাবে শিক্ষা মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অধ্যক্ষকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠানের সম্মান ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক। অন্যথায় পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মো. সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 


















