
ময়মনসিংহ বিভাগের ছয়টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষাবৃত্তি কার্যক্রমের সূচনা, পর্যায়ক্রমে দেশব্যাপী সম্প্রসারণের পরিকল্পনা।।
উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আর্থিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী শিক্ষার্থীর অগ্রযাত্রায় বাধা হয়ে না দাঁড়ায়—এই লক্ষ্যকে সামনে রেখে ৬৮ জন শিক্ষার্থীর জন্য চার বছর মেয়াদি শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। ময়মনসিংহ বিভাগের ছয়টি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাওয়া নির্বাচিত শিক্ষার্থীদের উচ্চশিক্ষা অব্যাহত রাখা এবং ভবিষ্যতে দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ সুগম করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থী বছরে ৫৫ হাজার টাকা করে চার বছরে সর্বমোট ২ লাখ ২০ হাজার টাকা শিক্ষাবৃত্তি পাবেন।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই শিক্ষাবৃত্তি কার্যক্রম পর্যায়ক্রমে দেশের অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সেই বৃহত্তর পরিকল্পনার প্রাথমিক ধাপ হিসেবে ময়মনসিংহ বিভাগের ছয়টি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের বিশ্ববিদ্যালয়কে এই কার্যক্রমের আওতায় নিয়ে এসে আরও অধিকসংখ্যক মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করতে চায় সংগঠনটি।

শুক্রবার ২০ নভেম্বর দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রধান কার্যালয়ের কনফারেন্স সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রথম ছয় মাসের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। এ পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে ২৭ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হয়। পরবর্তী সময়ে নির্ধারিত মেয়াদ অনুযায়ী ধারাবাহিকভাবে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
শিক্ষাবৃত্তির জন্য নির্বাচিত ৬৮ জন শিক্ষার্থী বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল; জামালপুর মেডিকেল কলেজ; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। ছয়টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এবং আর্থিক চাপ কমাতে দোস্ত এইডের এই দীর্ঘমেয়াদি উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সরওয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার (একাডেমিক) কৃষিবিদ ড. ফারুক আহমেদ, জামালপুর মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাইফুল আমিন, একই কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. লুৎফুন নাহার লিপি, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. ইউসুফ আলী, ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. মোহাম্মদ শাফাত লতিফ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের প্রভাষক ড. মোমিন।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও সমাজসেবক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক ফজলে এলাহী মাকাম এবং দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কোহিনুর আলম চৌধুরী।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী তানজিলা আমরিন রিহাম, জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান মনির এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ জান্নাতুল ইসলাম। তাঁরা এই শিক্ষাবৃত্তি তাঁদের উচ্চশিক্ষার পথচলায় গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বক্তারা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগের প্রশংসা করে বলেন, উচ্চশিক্ষার সুযোগ অর্জনের পর অনেক শিক্ষার্থীকে আর্থিক সংকটের কারণে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এ ধরনের দীর্ঘমেয়াদি শিক্ষাসহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে, আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে এবং নিজেদের সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে সহায়তা করবে। তাঁরা মনে করেন, শিক্ষার্থীদের পেছনে এ ধরনের বিনিয়োগ ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ তৈরি এবং সমাজের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বক্তারা এ মহতী উদ্যোগের জন্য দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
সভাপতির বক্তব্যে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই যথেষ্ট নয়; জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি ও সময়োপযোগী দক্ষতায় নিজেদের সমৃদ্ধ করতে হবে। শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও মানুষের প্রতি দায়িত্ববোধ ধারণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, দোস্ত এইডের এই শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহযোগিতা প্রদানের একটি কার্যক্রম নয়; বরং মেধা ও সম্ভাবনার বিকাশের মাধ্যমে ভবিষ্যতের জন্য দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ গড়ে তোলার একটি প্রয়াস। এই কার্যক্রমের পরিধি পর্যায়ক্রমে বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের ছয়টি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে এর প্রাথমিক যাত্রা শুরু হয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থীদের এই সহযোগিতার আওতায় নিয়ে আসাই দোস্ত এইডের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, আজ যারা এই শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছে, ভবিষ্যতে তারা নিজেদের প্রতিষ্ঠিত করে অন্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং মানবসেবার এই ধারাকে এগিয়ে নিয়ে যাবে। তিনি শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, আইটি ম্যানেজার সম্রাট বাবর, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (শিক্ষা) সৌকত মিয়া, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবদুল্লাহ শাহসহ দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে নির্বাচিত ৬৮ জন শিক্ষার্থীর মাঝে প্রথম ছয় মাসের শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।
মোঃ খোরশেদ আলম,জামালপুর 



















