
সিলেটে পরিবেশ দূষণবিরোধী যৌথ অভিযান চালিয়ে শব্দ ও বায়ু দূষণের দায়ে ১১টি ট্রাকের চালককে জরিমানা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯) এবং পরিবেশ অধিদপ্তর।
বুধবার ১১ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ১২.৪৫টা পর্যন্ত সিলেট মহানগরীর শাহপরাণ (রহঃ) থানাধীন মুরাদপুর এলাকায় এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-৯, সিপিএসসি, সিলেট এবং বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল এই কার্যক্রম পরিচালনা করে। অভিযানকালে বিভিন্ন ট্রাকের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত নিষিদ্ধ ও বিকট শব্দের হাইড্রোলিক হর্ন পরীক্ষা করা হয়।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় মোট ১১টি ট্রাকের চালককে সর্বমোট ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় আইনভঙ্গকারীদের বিরুদ্ধে তাদের এই তৎপরতা অব্যাহত রয়েছে। দেশের পরিবেশ রক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জনস্বার্থে নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালু থাকবে।
স্টাফ রিপোর্টার 


















