
আন্তর্জাতিক অঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলেন কুলাউড়ার কৃতী সন্তান ও মনোরোগ বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (APA)-এর ২০২৭ সালের নিউইয়র্ক সম্মেলনে তাঁর দুটি গবেষণাপত্র (Abstract) উপস্থাপনার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। সংস্থাটির বৈজ্ঞানিক পর্যালোচনা কমিটি (Scientific Review Committee) গবেষণাপত্র দুটি পোস্টার উপস্থাপনার জন্য মনোনীত করেছে।
জানা যায়, ডা. সাঈদ এনামের গবেষণার ক্ষেত্র কোনো নামী হাসপাতালের আধুনিক গবেষণাগার নয়; গ্রামের বাড়িতে তাঁর ছোট্ট চেম্বারটিই যেন তাঁর ‘নিউরোসাইকিয়াট্রি ল্যাব’। সেখানেই বিরল ও ব্যতিক্রমী রোগী শনাক্ত, চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্য দিয়ে তিনি গবেষণার উপাদান সংগ্রহ করেন। এসব কেস নিয়েই তিনি ইউরোপ, আমেরিকা, জাপান, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে গবেষণা উপস্থাপন করে আসছেন।
সম্প্রতি তাঁর একটি ব্যতিক্রমী কেস হিস্ট্রি ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের (Royal College of Psychiatrists) নিউজলেটারে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। ওই কেসের ওপর ভিত্তি করে তিনি APA সম্মেলনে একটি অ্যাবস্ট্রাক্ট জমা দেন।
পরবর্তী সময়ে আরও একটি বিরল কেসের অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয় অ্যাবস্ট্রাক্টটিও জমা দেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক হাজার গবেষণাপত্র জমা পড়ার পর বৈজ্ঞানিক মূল্যায়নে তাঁর দুটিই নির্বাচিত হয়। গত ৯ নভেম্বর ইমেইলে তাঁকে এ তথ্য জানানো হয়। গবেষণাপত্র দুটির পোস্টার নম্বর যথাক্রমে ৮০৯৩ ও ৮২৫৭।
নিজের গবেষণা সম্পর্কে ডা. সাঈদ এনাম বলেন, “আমার চেম্বারে আসা রোগীদের মধ্যে অনেক সময় বিরল ও ব্যতিক্রমী কিছু রোগের সন্ধান পাই, যা চিকিৎসা ও গবেষণার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। প্রথমে রোগীর চিকিৎসা ও পর্যবেক্ষণ করি। পরে এসব কেসের বৈজ্ঞানিক বিশ্লেষণ করে আন্তর্জাতিক সেমিনার ও জার্নালে উপস্থাপন করি, যাতে বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও মেডিকেল শিক্ষার্থীরা উপকৃত হতে পারেন।
আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, “চেম্বারের ব্যস্ততার কারণে সব সময় সরাসরি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হয় না। তবে আয়োজকদের অনুরোধে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের সাইকিয়াট্রিস্টদের (RANZCP) অস্ট্রেলিয়া সম্মেলন এবং ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের এডিনবরা সম্মেলনে গ্রামের এই ছোট্ট ল্যাব থেকেই ভার্চুয়ালি গবেষণা উপস্থাপন করেছি। এবারও ব্যস্ততার কারণে সরাসরি নিউইয়র্ক যাওয়া সম্ভব না হলে এখান থেকেই ভার্চুয়ালি নিউইয়র্কে উপস্থিত হাজারো সাইকিয়াট্রিস্ট, নিউরোসাইকিয়াট্রিস্ট ও চিকিৎসাবিজ্ঞানীদের সামনে গবেষণা তুলে ধরব।
তিনি আরও বলেন, “বিশ্বের খ্যাতনামা চিকিৎসক, বিজ্ঞানী ও গবেষকদের উপস্থিতিতে এমন আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে নিজের গবেষণা উপস্থাপন করা সত্যিই অন্য রকম অনুভূতি। তাছাড়া বই বা হাতে বিশ্ব ভ্রমণ তাঁর কাছে বেশ রোমাঞ্চকর ও মনে হয়।”
উল্লেখ্য, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন বিশ্বের অন্যতম প্রভাবশালী মনোরোগ চিকিৎসাবিষয়ক পেশাজীবী ও বৈজ্ঞানিক সংগঠন। এর আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা মনোরোগ বিশেষজ্ঞ, চিকিৎসাবিজ্ঞানী ও গবেষকেরা অংশগ্রহণ করেন।
এর আগে ইংল্যান্ডের রয়্যাল কলেজ অব সাইকিয়াট্রিস্টসের একটি আন্তর্জাতিক সম্মেলনে ডা. সাঈদ এনাম মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত এক অত্যন্ত বিরল রোগীর কেস হিস্ট্রি উপস্থাপন করেন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় অ্যামবুশের শিকার হয়ে ওই রোগীর মাথায় মর্টার শেলের একটি ধাতব টুকরো বিদ্ধ হয়েছিল, যা দীর্ঘদিন তাঁর নিজের ও পরিবারের সদস্যদের অজানা ছিল। পরবর্তী সময়ে ডা. সাঈদ এনামের চেম্বারে চিকিৎসা নিতে এলে প্রথমবারের মতো বিষয়টি শনাক্ত হয়। রোগীর ব্রেইন ( Brain) এর ভেতরে আটকে থাকা ধাতব টুকরোর এই ব্যতিক্রমী ঘটনাটি আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানী মহলে আগ্রহ সৃষ্টি করে এবং বিভিন্ন আন্তর্জাতিক মেডিকেল জার্নালেও প্রকাশিত হয়।
ডা. সাঈদ এনাম বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী।
২০২১ সালে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের বৈজ্ঞানিক পর্যালোচনা কমিটি ও ট্রাস্টি বোর্ডের নির্বাচনের মাধ্যমে তিনি সংগঠনটির ইন্টারন্যাশনাল ফেলো,( International Fellow) হিসেবে নির্বাচিত হন।
বিশেষ প্রতিনিধি।। 

















