
দীর্ঘ ছয় বছর আইনি লড়াইয়ের পর স্ত্রী হত্যা মামলায় বেকসুর খালাস পেয়েছেন সাংবাদিক অনুজ কান্তি দাশ (৪০)। মঙ্গলবার ১০ নভেম্বর সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন জানান, অনুজ কান্তি দাশ শ্রীমঙ্গল উপজেলার পূর্বাশা আবাসিক এলাকার নরেশ চন্দ্র দাশের ছেলে। তিনি দৈনিক ইত্তেফাকের শ্রীমঙ্গল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ ডিসেম্বর সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ (২৭) মারা যান। এর আগে অসুস্থ অবস্থায় তাকে সিলেটের রাগীব-রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এ মৃত্যুকে কেন্দ্র করে অনুজের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন নিহতের স্বজনরা।
পরে নিহতের বাবা হবিগঞ্জের বাসিন্দা দিলীপ দাশ বাদী হয়ে অনুজ কান্তি দাশকে আসামি করে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে জামিনে মুক্তি পান তিনি।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অনুজ কান্তি দাশকে খালাস দেন।
মৌলভীবাজার জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, সাংবাদিক অনুজ কান্তি দাশের বিরুদ্ধে দায়ের করা স্ত্রী হত্যা মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় দায়রা মামলা নং ২৯৫/২২-এর রায়ে আদালত তাকে খালাস দিয়েছেন।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজারঃ 
















