
টাঙ্গাইলের মধুপুরে একটি মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে ‘নাগবাড়ি টেকিপাড়া গ্রামবাসী’র ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মধুপুর উপজেলার নাগবাড়ি টেকিপাড়া নূরানী মাদ্রাসার এক শিক্ষক কর্তৃক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষক মোয়াজ্জেম হোসেনের ফাঁসির দাবিতে আজ দুপুরে টেকিপাড়া নাগবাড়ি এলাকাবাসীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যেন কোনো শিশু শিক্ষার্থীর সঙ্গে এমন জঘন্য ঘটনা ঘটার সুযোগ না থাকে, সেজন্য আমরা এই নরপিশাচের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবি করছি।’
বিক্ষোভ মিছিলে মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় শিক্ষক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার শত শত মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি পুনরায় নাগবাড়ি টেকিপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।
মোঃ রিপন মধুপুর (টাঙ্গাইল) থেকে 


















