
মৌলভীবাজারের রাজনগরে উপজেলা ভূমি কার্যালয়ের সামনে একটি গাছ থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে তাঁর মরদেহ ঝুলতে দেখে স্থানীয় পথচারীরা পুলিশকে খবর দেন। পরে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে। তিনি স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজনগর থানা-পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মৌলভীবাজার প্রতিনিধি 

















