
সিলেটে হত্যা চেষ্টা মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ৭ মামলার আসামি ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী হাবিবুর রহমান পংকিকে (৩৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
শনিবার ৭ নভেম্বর ভোর আনুমানিক ৫.৩৫ মিনিটে শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিম চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান পংকি শাহপরাণ থানার খাদিম (চৌমুহনী) এলাকার রাজা মিয়ার ছেলে।
এসআরবি-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল খাদিম চৌমুহনী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপি সিলেটের শাহপরাণ (রহঃ) থানার একটি হত্যা চেষ্টা মামলার (মামলা নং-০২, তারিখ-০২/০৬/২০২৫ খ্রি., জি/আর নং-১৩৮/২৫) পরোয়ানাভুক্ত পলাতক আসামি পংকিকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গ্রেফতারকৃত আসামি এলাকার একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় হত্যা চেষ্টা, চুরি, আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও বিস্ফোরক দ্রব্য আইনসহ নানা অপরাধে অন্তত ৭টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এসআরবি-৯, সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
স্টাফ রিপোর্টার 


















