
সিলেটের গোয়াইনঘাটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৬ নভেম্বর বিকেল ৩টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে এবং মাস্টার নুরুল ইসলামের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উমর ফারুক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, বিশিষ্ট ব্যবসায়ী ও গোয়াইনঘাট উপজেলা ঠিকাদারী সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রুকন আহমদ এবং প্রবাসী কমিউনিটি নেতা এম জে কাওসার আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাণ শ্রমিক সংগঠনের উপদেষ্টা সয়ফুল্লাহ, সিনিয়র সহসভাপতি মো. জালাল উদ্দিন, সহসভাপতি মো. মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সহসাধারণ সম্পাদক আলকাশ উদ্দিন, অর্থ সম্পাদক মো. নুরুল আমিন, সহ-অর্থ সম্পাদক মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস শুকুর, প্রচার সম্পাদক মো. নেহাল আহমদ, সহ-প্রচার সম্পাদক আমিন সিকদার, দপ্তর সম্পাদক মো. সাহাব উদ্দিন, ক্রীড়া সম্পাদক লোকমান আহমদ এবং ধর্মবিষয়ক সম্পাদক মো. কমর উদ্দিন।
এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আসলাম উদ্দিন ও মো. জসিম উদ্দিন এবং সম্মানিত সদস্য মো. ফখরুল ইসলাম, মো. তাজুল ইসলাম, মো. আমির উদ্দিন ও মো. মাসুক আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ। পরে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো ও উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের শ্রম, ঘাম ও দক্ষতার মাধ্যমে গড়ে উঠছে ঘরবাড়ি, সড়ক, সেতুসহ নানা স্থাপনা। অথচ অনেক সময় তাঁরা তাঁদের ন্যায্য অধিকার, নিরাপত্তা ও প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত হন। নির্মাণ শ্রমিকদের ঐক্যবদ্ধ রাখা এবং তাঁদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের নেতৃবৃন্দকে শ্রমিকদের স্বার্থ রক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন বলেন, নির্মাণ শ্রমিকরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক এবং কর্মক্ষেত্রে মানবিক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। তিনি শ্রমিকদের আইন মেনে কাজ করা এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উমর ফারুক বলেন, নির্মাণ শ্রমিকরা প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করেন। তাই কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শ্রমিকদের মধ্যে সচেতনতা ও শৃঙ্খলা বজায় রাখা জরুরি। শ্রমিকদের যেকোনো ন্যায্য সমস্যা ও অধিকার আদায়ে আইনসম্মতভাবে সংগঠিত ভূমিকা রাখা উচিত। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রেখেও শ্রমিকদের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ বলেন, নির্মাণ শ্রমিকদের অবদান ছাড়া দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা কল্পনা করা যায় না। অথচ এই শ্রমজীবী মানুষদের অনেকেই নানা আর্থিক ও সামাজিক সমস্যার মধ্য দিয়ে জীবনযাপন করেন। নবগঠিত কমিটি শ্রমিকদের বিপদে-আপদে পাশে দাঁড়ানো, ন্যায্য দাবি আদায় এবং তাঁদের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি. সিলেট-৬৪) ৫ সেপ্টেম্বর ২০২৩ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির আহ্বায়ক কমিটির উদ্যোগে এ শপথগ্রহণ ও পরিচিতি সভার আয়োজন করা হয়।
গোয়াইনঘাট প্রতিনিধি 


















