
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শনিবার ৭ নভেম্বর দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল মিয়া, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট সুনীল কুমার দাস এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ঐতিহাসিক ৭ নভেম্বরের পটভূমি, তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরেন। তাঁরা দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় ঐক্যের বিষয়েও আলোচনা করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। পরে জেলা জাসাসের শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এদিকে বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেয়র চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার 


















