
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগম হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় অপর দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। বিচার চলাকালে মারা গেছেন আরও তিন আসামি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন।
মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের পূর্ব লইয়ারকুল (স্কুলঘর) গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত শাবানা বেগমের সৎ ভাই দুলাল মিয়া ও বিল্লাল মিয়া এবং চাচাতো ভাই গিয়াস মিয়া ও নাসির মিয়াকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মামলার অপর দুই আসামির মধ্যে মহিবুর রহমান সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা এবং জয়নাল মিয়াকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, বিচারকাজ চলাকালে মামলার তিন আসামির মৃত্যু হয়। সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ নম্বর ভুনবীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, আলী ইসলাম, হাসি বেগম ও নাজমুল ইসলামকে খালাস দিয়েছেন আদালত।
মৌলভীবাজার প্রতিনিধি 


















