
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মৌলভীবাজার সার্কেলের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশিদ। স্বাগত বক্তব্য দেন বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নাসির উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম এবং মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের রাজনৈতিক সচিব ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ, সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং পরিবহন সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি নিরাপদ সড়ক গড়ে তুলতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পরিবহন শ্রমিক, চালক ও সাধারণ জনগণকে সম্মিলিত ভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিআরটিএর প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে বিআরটিএর পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
মৌলভীবাজার প্রতিনিধি 


















