
সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে মিছিল বের করার সময় দুজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ ও স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে সিলেট মহানগরীর কুমারপাড়াস্থ ঝর্ণারপাড়-৯০ এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হল, জয়নন্দ পুরকায়স্থ অর্নব (২৭): তিনি জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান সিলেট মহানগর ছাত্রলীগের সদস্য। তার বাড়ি জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের ব্রাহ্মনগ্রাম এলাকায় মৃত জগানন্দ ছেলে, বর্তমানে তিনি কোতোয়ালী থানার পূর্ব জিন্দাবাজারের সারদা ভবনে বসবাস করতেন। অপর ব্যক্তি হল, রানা আলী মাসুদ রানা (২৩) এয়ারপোর্ট থানার সাহেবেরবাজার এলাকার মো. জসিম আলী ছেলে। বর্তমানে সে কোতোয়ালী থানার নয়াসড়ক এলাকার শিমুল মিয়ার বাসায় (আল হেলাল-১৬) ভাড়া থাকতেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ‘বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল’ বের করা হয়। এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায় এবং স্থানীয় জনসাধারণের সহায়তায় ওই দুই কর্মীকে হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে একটি ব্যানার জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্টাফ রিপোর্টার 


















