
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে প্রতিদ্বন্দ্বী নয়, ভাই হিসেবে দেখার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি বলেছেন, যুবদল বিএনপিরই একটি সহযোগী সংগঠন। তাই নেতা-কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে পারস্পরিক সহযোগিতা, সম্মান ও ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, সংগঠনের নেতা-কর্মীদের প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে বিএনপির নেতাদের প্রতি অনুরোধ জানাচ্ছি। যুবদলের নেতা-কর্মীরা যাতে সাংগঠনিক কার্যক্রমে যথাযথভাবে ভূমিকা রাখতে পারেন, সে জন্য বিএনপি নেতাদের সহযোগিতা প্রয়োজন।
এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জাকির হোসেন উজ্জ্বল। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রফিক আহমেদ ডলার। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান এবং জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
এ ছাড়া কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহসাধারণ সম্পাদক মকসুদ আহমেদ ও মাহবুবুর রহমান, সহপ্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দিনারসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিএনপি ও যুবদলের সাংগঠনিক ঐক্য জোরদার, নেতা-কর্মীদের পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীসহ বিএনপি ও ছাত্রদলের নেতারা অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সাবেক যুবদল নেতা ও কেন্দ্রীয় নেতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ২৯ অক্টোবর এ কর্মসূচির আয়োজন করা হয়।
আব্দুস সামাদ আজাদ মৌলভীবাজারঃ 


















