
‘তথ্যের গভীরে, সত্যের সন্ধানে’—এই স্লোগানকে ধারণ করে দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার শুভযাত্রা উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) শেরপুরের রয়েল মার্কেটের দ্বিতীয় তলায় দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পত্রিকার আঞ্চলিক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক মৌলভীবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার রিপন মিয়ার সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ,আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শিহাবুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক শেখ মেঃ সাহেদ, শেরপুর পুলিশ ফাঁড়ির এএসআই গৌতমসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, একটি সংবাদপত্রের মূল শক্তি হলো বস্তুনিষ্ঠতা, নির্ভুল তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতা। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। নতুন এই পত্রিকা সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ যাচাই-বাছাই এবং তথ্যের সত্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক মৌলভীবাজার প্রতিদিন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে কাজ করে পাঠকের আস্থা অর্জন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে পত্রিকাটির সফলতা ও দীর্ঘ পথচলা কামনা করে অতিথিদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার : 










