
মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুটি দোকানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার ১৫ নভেম্বর জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনিরা হোসাইনী।
অভিযানকালে দেখা যায়, একটি দোকানে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সিগারেট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি দোকানে সিগারেটের বিজ্ঞাপন সংবলিত ব্যানারও টাঙানো রয়েছে। এসব আইনবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে দুটি দোকানের প্রত্যেকটিকে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৫ ধারায় বিক্রয়স্থলে তামাকজাত দ্রব্যের প্যাকেট, কৌটা, খালি বা নমুনা মোড়ক প্রদর্শনসহ যেকোনো উপায়ে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া আইনের ৬খ ধারায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ নির্ধারিত স্থানের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
অভিযানকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার বন্ধ, শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত পণ্য বিক্রি থেকে বিরত থাকা এবং প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সচেতন করা হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা এবং তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার: 


















