
সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ সময় তাদের কাছ থেকে ৯৩ বোতল ভারতীয় ESKuf এবং ৭৫ বোতল FAIRDYL সিরাপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০১ অক্টোবর ) মধ্যরাতে দক্ষিণ সুরমা থানাধীন তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হল, মোঃ রিপন আহমদ (৩১) জকিগঞ্জ উপজেলার কচুয়া গ্রামের আব্দুল নূরের ছেলে ও মোঃ জাহিদ (২২) দোয়ারা বাজার উপজেলার গাছগোড়া গ্রামের মোঃ রাশেদের ছেলে।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, ১ অক্টোবর রাত আনুমানিক ১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকা থেকে একটি ট্রাকে করে মাদকের চালান সিলেট শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১.৪০ মিনিটে দক্ষিণ সুরমার তেতলী এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায় এসআরবি-৯ এর আভিযানিক দল।
চেকপোস্টে সিগন্যাল দিয়ে ট্রাকটি থামানো হলে ভেতর থেকে চারজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদের মধ্যে দুইজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হলেও অপর দুইজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের তথ্যের ভিত্তিতে ট্রাকের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকানো ২টি প্লাস্টিকের বস্তা থেকে ৯৩ বোতল ভারতীয় ESKuf এবং ৭৫ বোতল FAIRDYL সিরাপ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ও পলাতক আসামিরা পরস্পর যোগসাজশে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
এ বিষয়ে এসআরবি-৯ এর অতিঃ পুলিশ সুপার ও মিডিয়া অফিসার (কে. এম. শহিদুল ইসলাম সোহাগ) জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর গোয়েন্দা তৎপরতা ও এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার 










