
টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে একটি গ্যাস সিলিন্ডার বোঝাই পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোনো হতাহত বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা না ঘটলেও যানবাহন দুটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে মহাসড়কের মুমু মিথি ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জামালপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেট কারের সাথে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং গাড়ি দুটির সামনের অংশসহ বিভিন্ন অংশ ভেঙে চুরমার হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটিতে গ্যাস সিলিন্ডার থাকায় সংঘর্ষের পরমুহূর্তেই তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। সিলিন্ডার বিস্ফোরিত হওয়ার প্রবল আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়।
দুর্ঘটনার পর পরই স্থানীয় সাধারণ জনগণ দ্রুত এগিয়ে এসে প্রাইভেটকারের যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন।
এ সময় মহাসড়কে কিছু সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।
এস আলম,জামালপুর। 

















