
যুক্তরাজ্যে সিলেট বিভাগের মানুষের বিভিন্ন গণদাবি, অধিকার ও কল্যাণ নিয়ে কাজ করার লক্ষ্যে গঠিত সিলেট বিভাগ গণদাবী পরিষদের যুক্তরাজ্য শাখার প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী তিন বছরের জন্য ৫১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করা হয়। চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদুস সামাদ জেপির সভাপতিত্বে এবং সলিসিটর এম ইয়াওর উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় শাহ মুনিমকে সভাপতি, সলিসিটর এম ইয়াওর উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাহবুবুর রহমান কুরেশীকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্যের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব আবু তাহের চৌধুরী নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।
সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত সিলেট বিভাগের মানুষের পারস্পরিক যোগাযোগ ও ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি সিলেটের বিভিন্ন যৌক্তিক গণদাবি ও জনস্বার্থের বিষয়গুলো সংশ্লিষ্ট মহলে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রমকে দল-মত নির্বিশেষে জনকল্যাণমুখী করার আহ্বান জানান।
সাধারণ সভায় উপস্থিত অতিথিরা নতুন কমিটির সফলতা কামনা করেন। একই সঙ্গে সিলেট বিভাগের মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্বে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক 


















