
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলস্টেশনে যৌথ টাস্কফোর্সের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও কসমেটিক্স জব্দ করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি), হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি), র্যাব ও জেলা প্রশাসনের সদস্যরা অংশ নেন।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিক্স জব্দ করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, জব্দকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
অভিযানে নেতৃত্ব দেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর মাহবুবুল হক। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।
রোববার (২৩ আগস্ট) দুপুরে শ্রীমঙ্গল বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধ এবং দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।
জব্দ করা পণ্যগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মৌলভীবাজার প্রতিনিধি 


















